Friday, October 16, 2015

আনন্দের গন্ধ - The smell of joy

Edmonton, 16-Oct-2015 1:23  PM 

গত কয়েক বছরে এই সময়টা
মোটামুটি এরকমই ।
কিন্তু চারপাশের উত্তেজনা-টা
উপেক্ষা করতে পারি না ।
একটা আলাদা গন্ধ,
একটা আলাদা চিত্রকল্প আছে
এই সময়টার ।
অনেক ভেবে দেখেছি,
আমার এই সময়টাকে ভাললাগা,
সকলের ভালোলাগাতেই লুকনো ।
এত মানুষের একসাথে সুখী থাকা,
তাদের সমস্ত দুঃখ ভুলে,
জীবনের যন্ত্রণা ভুলে,
পরিশ্রমের ক্লান্তি ভুলে,
ভবিষ্যতের অনিশ্চয়তা ভুলে -
তাকে কুর্নিশ জানাতেই হয় ।

এই সময়টা মানে আমার কাছে,
একরাশ নস্টালজিয়া ।
সেগুলোর কিছু কিছুতে ডুবে থাকতে বেশ লাগে,
আবার কিছু কিছু খুব আকর্ষণীয় নয় ।

খুব ছোটবেলায় গাড়ি ভাড়া হত,
সারাদিন হত ঘোরাঘুরি,
সাথে থাকত বাড়ির বড়রা,
রেস্টুরেন্টে মোগলাই-ও মনে পড়ে ।

একটু বড় হতে বন্ধুদের সাথে হেঁটে ঘোরা,
কল্লোলিনীকে চেনার সেই শুরু,
ভীষণ ভিতর থেকে, গভীরভাবে ।
রাতের শহরকে মায়াবী হতে দেখাও শুরু হল,
কখনও গাড়ির কাঁচের ভিতর থেকে,
কখনও অচেনা টেম্পোর পিছনে খোলা, দমকা হাওয়ায় ।

পরে হাত ধরে ঘুরেছি,
তখন এক দায়িত্ববোধ যেমন অনুভব করেছি,
তেমনি একরাশ মানুষের সামনে,
ঘনিষ্ঠতার পরশও ভাল লেগেছে ।

কিন্তু এসবের মাঝেও,
আমার কাছে যা সব থেকে প্রিয়,
সেটা ওই মেঠো গন্ধের,
আপাত জাঁকজমকহীন আড়ম্বরটাই ।
কিছু খারাপ মুহূর্ত থাকলেও,
আন্তরিকতা, একাকীত্বের মিশেলে
তা বোধ হয় তুলনারহিত ।
একটা বিকেলের বৈঠকি-সম আড্ডা,
মায়ের সাথে মামার আর আমার গান,
রাতে বড়দের তাস খেলা,
এবং পরের বছরগুলিতে আমাদের সেখানে যোগদান,
অন্ধকার রাস্তা পেরিয়ে আলোর মণ্ডপে পৌঁছানো, 
দুপুরে সকলে একসাথে টেবিলে, এবং
বড় মামার সেই সময় ফিরে আসা,
অন্য গ্রামে ভ্যানে করে যাওয়া, আর
যাওয়ার মাঝে জোনাকির আওয়াজের সাথে,
জেনেরেটরের শব্দের এক মেলবন্ধন -
নাহ, আমার কাছে আনন্দ এই,
তার গন্ধও এই ।

আমার জীবনে পুজো হয়ত বড় কিছু নয়,
কিন্তু তার এই গন্ধগুলো,
আর তার সাথে জড়িয়ে থাকা মুহূর্তের আনন্দগুলো,
এগুলোই হয়ত বলে যায়,
ফিরতে আমাকে হবেই । 

Friday, October 09, 2015

শ্রেয়ক ১ - The Masculine Betterment 1

Edmonton, 9-Oct-2015 5:49  PM 


ছেলেটার পাড়ায় নামডাক ছিল ।
আমরা তাকে শ্রেয়ক বলতাম ।
পাড়ার চারপাশের বন্ধুবান্ধব, আত্মীয়
তাঁকে ভালবাসা আর সম্মান - দুই-ই দিত ।
তবে সেটা ছেলেটার ভাল করেছিল না খারাপ,
তা বোধ হয় সময়ই বলবে !

ছেলেটা বাইরে একদিন এক নীল গাছ দেখল ।
আগে সে কোনদিন দেখেনি গাছ ।
অবাক হল, কিন্তু মেনে নিল,
গাছ নীল-ই হয় ।
পড়াশোনার সূত্রে সে গোবরডাঙ্গায় এল,
এখানে আবার গাছের নতুন এক রঙ দেখল - গোলাপি ।
সে ভাবল, গাছ বুঝি দুই প্রকারের ।
এতদিনে সে বড় হয়েছে, তার মন পরিণত,
সে মন নিয়ে, নতুন কিছু মেনে নেওয়া বড় কঠিন ।

একদিন তার বন্ধুরা তাকে নিয়ে বেড়াতে গেল,
সেখানে আবার এক নতুন রঙের গাছ পেল সে।
তার বন্ধুরা বলল, "দেখ কি সুন্দর লাল রঙের দেখতে",
শ্রেয়ক তা মানতে চায় না ।
নাহ, এ গাছ গোলাপি তার কাছে ।
তার মনের জানলাগুলো যে সব বন্ধ ।

এরপরে সে বাড়ি ফিরে কবিতা লিখছিল,
উদাস হয়ে জানালার দিকে তাকিয়ে ।
হঠাৎ দুরে দেখতে পেল এক সবুজ রঙের গাছ ।
বুঝতে পারল রঙ-টা সবুজ ।
মন মানছে, কিন্তু তার মস্তিষ্ক মানতে পারছে না।
সে ভাবছে গাছের রঙ নীল,
কারণ তার অভিধানে গাছের তো দুই প্রকার !

এই গল্পকবিতা অসম্পূর্ণ,
হয়ত শ্রেয়ক কোনদিনও বুঝবে যে,
তাদের পৃথিবীতে প্রত্যেক গাছই আলাদা,
অথবা হয়ত সম্পূর্ণ সুস্থ দুটি চোখ নিয়েও,
শ্রেয়কের অন্ধত্ব-দশা চলতেই থাকবে ।
গাছেদের আক্ষেপ নিজেদের কাছে 
তারা তাদের রঙ মেলে,
উদ্ভাসিত হতে পারল না শ্রেয়কের মত মানুষের কাছে।
তবে গাছেদের রঙ তো প্রকাশে,
প্রকাশের উপলব্ধিতে নয় - এটাই তাদের বাঁচার রসদ ।


একা থাকা - Living Alone

Edmonton, 9-Oct-2015 5:26 PM 

কাকে বলে একা থাকা ?
কাকে বলে দোকা ?
তোমার বাড়ির জানালায় 
যদি আমার মন পড়ে' থাকে,
তোমারই অজান্তে,
তুমি কি তবে পারবে জানতে,
তুমি একা না আমি ?

তোমার ওপর একটা পর্দা,
আমার ওপর অন্য রঙ -
দুটো আচ্ছাদন কি পেরনো সহজ এতই ?
আমার স্বচ্ছতা হয়ত প্রকাশ পেত,
তোমারই আন্তরিকতায় ।
কিন্তু সব সম্ভাবনা তো বাস্তব হয় না,
কল্পনা তো আরই নয় ।

তুমি করে যেও অভিনয়,
পর্দার ওপার থেকে,
যতদিন না কোন রক্তমাংসের নায়ক,
তোমাকে উদ্ধার করছে ।
আমি আশা করবো সে সময় দীর্ঘায়িত হবে না,
কারণ তোমার অস্বস্তি, কষ্ট -
তা তুমি যতই আড়াল করো -
এগুলো তো প্রশমিত হবে ।
ওষুধ না হয় না-ই বা হলাম,
প্রার্থনাই সই ।

উষ্ণতাই শ্রেয়

Edmonton, 21-Sep-2015 4:15 PM 

শীতলতা এখন অভ্যেস,
আলাদা করে প্রভাব ফেলে না ।
তবু আমার দেহ-মন তো উষ্ণ পরিবেশেরই !
এক পরিপাটি উষ্ণতা দেখেও 
কি তবে তার কাছে আমার ধরা দেওয়া উচিত নয়, 
স্রেফ নতুন, শীতল অভ্যেসের বশে ? 
জানি, এই নতুন অভ্যেসের জন্যই 
হয়ত উষ্ণতা আমাকে আপন করবে না । 
হয়ত দেহ মেনে নেবে না, 
হয়ত মনের অসুখ হবে, 
হয়ত অনেক বিপত্তি আসবে । 
তবে সেই সব হাজারও বিপন্নতা পেরিয়ে 
যদি সেই আবহাওয়ার সাথে অন্তরলীন হওয়া যায়, 
সেটাই তো জীবনের সার্থকতা । 
তাই অপেক্ষাতে থাকাই তবু শ্রেয় | 
উষ্ণ আবেশের বশবর্তী হওয়ার আকাঙ্খাটা-টুকু রাখা যায়। 
যদি কখনো উষ্ণতার 
একটুকরো শীতল পৃথিবীর খোঁজ পড়ে !

Wednesday, September 30, 2015

আমার প্রাক্তন - My Ex

Edmonton, 30-Sep-2015 9:26 PM 

তোমাকে নিয়ে ভেবেছিলাম কোন কিছু লিখব না,
তুমি আমার কবিতার যোগ্য নও ।
অনেকে বলে প্রাক্তনকে নিয়ে কবিতা লেখা
নাকি তাঁকে এখনও ভালোবাসার ইঙ্গিত,
তাঁকে এখনও ভালোলাগার ইঙ্গিত ।
কিন্তু আর যে কিছুই অবশিষ্ট নেই,
কিছু থাকার ছিলও না ।
যেটুকু আছে, ওই অনুভূতিটুকু না থাকলে,
নিজেকে মানুষ বলি কিভাবে !
তাই তোমাকে নিয়ে লিখব,
অনেকবার লিখব ।
সুনীলবাবুর নীরা ছিলেন,
তুমি আমার নীরা নও,
কিন্তু প্রাক্তন তো, 
মানে আমার-ই পূর্ব সত্তার ভালবাসা ।
তাঁকে ভুলে যাব ?
মানে নিজের এক অংশকেও ?
নিজেকে এতটা অস্বীকার করার মত ভীরুতা দেখাতে
জীবন তো শেখায়নি ।

Sunday, August 30, 2015

গোলাপি রঙের মাফলার - The pink scarf

Edmonton, 30-Aug-2015 3:27 PM 

স্নিগ্ধতার অন্যরকম সংজ্ঞা দেখলাম ।
গোলাপি রঙটার যে স্নিগ্ধ সংস্করণ হয়,
তোমাকে তা জড়িয়ে ছিল ।
তোমার মুখে বুদ্ধির দীপ্তি,
তোমার চোখে আত্মম্ভরিতা,
তোমার চলায় সাধারণ ছন্দ ।
তুমি কি সবার থেকে আলাদা ?
নাকি ঠিক সবার মত, তাই সবার থেকে আলাদা ?

তুমি চোখের আড়াল হলে,
কিন্তু মন যখন আয়না হয়,
তখন আলোর কি সাধ্য থাকে
কাউকে অদৃশ্য করার ?

তোমাকে খুঁজলাম জলকেলিতে,
তোমাকে খুঁজলাম ক্লান্ত পথে,
তুমি কি ব্যাস্ত ছিলে
নিজের মনের আগলের পাড়ে ?

জানি তোমাকে পাওয়া যায় না,
জানি তোমাদের পাওয়া যায় না ।
আমরা এভাবেই থাকি, মনের মানুষ মনে থাকে ।
শুধু দিন চলে যায়, কাজ শেষ হয়, সভ্যতা এগোয়,
কোন কোন দৃষ্টিভঙ্গিতে আমরাও অনেক এগোই ।
কিন্তু তোমাদের ছুঁতে পারি না ।
এভাবেই মৃত্যু আসে, জীবনের অবকাশে ।

Friday, August 28, 2015

আর কি কিছুই বাকি আছে ? - Is there anything left

Edmonton, 28-Aug-2015 8:37 PM 

ভুলে যাও,
আর কি কিছুই বাকি আছে ?
আমিও তো নেই আর,
তোমাদের কাছে ।
সবকিছু ছেড়ে ফেলে চলে এসেছি ।
কিছু কথা বাকি নেই ।
নিস্তব্ধতা - আমার জীবন সঙ্গী,
কেউ নেই আর পাশে ।
তোমাদের কি মনে হয়,
তোমাদের কেউ নেই ?
দুঃখ বোধ হয় ফিকে হয়ে যায় ।
তাই তো স্বাভাবিক সময়ের ঔষধে ।

নতুন পরিচয় যদি পাই,
তাই লিখব ।
আর বোধ হয় পুরনোরা রইল না ।

Friday, July 03, 2015

উপযুক্ততা - Compatibility

Edmonton, 3-Jul-2015 6:24 PM 

বিদ্রোহ করতে পারি, সমগ্র মহাকাশের বিরুদ্ধে,
যদি মিলে যায় equation ।

কিন্তু উত্তর জেনে গেছি, তাই বুঝি :
এই সমাধান আমার জন্য নয় ।

আমি বুঝি, আমার মস্তিষ্ক বোঝে,
এই বয়সে আমার হৃদয়-ও বোঝে,
কিন্তু বোঝে না একজনই ।

যাকে ছোটবেলা থেকে অজান্তেই পালন করেছি,
মন, হৃদয়, মস্তিষ্ক - কেউ প্রভাব ফেলেনি যার ওপর,
ওকে বোঝাব কি করে !

যার কাছে, এক সতেজ বাতাস,
মানে তোমার হাসি ।
যার কাছে, এক পশলা বৃষ্টি,
মানে তোমার স্নানের পরে স্নিগ্ধতা ।
ঘুম ভাঙ্গানো পাখির ডাকের অর্থ,
সকালের "তুমি কেমন আছ " !
আবার আধো-অন্ধকার বিকেল মানে,
তোমার উদ্বেগে আমার সাড়া ।

ও বুঝবে না, তাও চেষ্টা করছি ।
কোনদিন কোন স্পৃশ্য আঘাতে হয়ত
আমার অন্য সত্তাগুলোর মতই
বাস্তবে ফিরবে !

Wednesday, July 01, 2015

নতুন নিয়ম - New Custom

Edmonton, 1-Jul-2015 10:52 PM 

তোমার বুঝি সন্ধ্যে-আষাঢ়, দুপুরে মেঘ কালো,
কেন এমন দিন বলো তো ? হাওয়া এলোমেলো ।

কেন এমন বাতাস বয়, কেন উদাস ছবি,
তোমার তো কোন হুঁশ থাকে না, নীরব মানবী ।

আমার যেন জটিল জীবন, সবুজ মত মন,
জানতে চেয়ো, বলব তবে, অপেক্ষা এখন ।

কি প্রশ্ন, কোন উত্তর, ভাবা যাবে পরে,
তাড়া কিসের, এখনও তো ডাকোনি আমারে |

তবে এবার বলে রাখি, অন্যরকম টান,
বহুবছর হয়নি এমন, যদিও সন্দিহান ।

Monday, June 08, 2015

তোমার কি আর সময় হবে? - Will you get any more time?

Edmonton, 8-Jun-2015 6:21 PM 

তোমার তিলোত্তমা ছাড়ার সময় হল,
মনে থাকবে গড়ের  মাঠ?
মনে থাকবে সাউথ সিটি?
মনে থাকবে গঙ্গা পেরিয়ে,
এক পাল স্বপ্নকে বিসর্জন দেওয়া?

তুমি কেবলই উদ্দ্যশ্যহীন জীবনযাত্রা;
নদীতে কি নাইতে যাবে আর ?
দেওয়াল ঘড়ি খুলে রাখতে পারো,
দীর্ঘ ছায়া জানলা দিয়ে দেখো।

একজন-ও কি মনের সাথী আছে?
খেলার সাথী বার বার-ই তো আসে,
হাজার রাশি ফুরিয়ে এলো তবে,
তোমায় এবার ছেড়ে যেতেই হল ।