Thursday, May 30, 2013

Holud Ronger Deoal - হলুদ রঙের দেওয়াল

31st May'13  12:47 A.M

আমার নিজের পুপে ছিল |
যার মধ্যে আমি মিশে যেতাম,
যার পেলব হাতের ছোঁওয়া, চুল থেকে হঠাৎ-ই কপালে চলে আসতো
আর আমার চারিদিক অন্ধকার করে দিত |

কিছুক্ষণ বাদেই নতুন আলোয় আমি সরলরেখা আঁকতাম,
সূর্যাস্তের কপাল বেয়ে চিবুকে এসে যখন সে রেখা থামত,
সে আর সরল নেই, বেঁকে চুরে গেছে |
তাও বেশ সরল সোজা মলিন এবং আরো হাজারো সরলরৈখিক বিশেষণে মাখানো লাগত;
তোমায় এবং তোমার রেখাগুলোকে |

কবিতাটা কোনদিন তো "কবিতা"র মতো করে লিখতে পারলাম না |
শুধু নিজেকে উজাড় করেছি; যেমন করতাম তোমার কাছেও |

কিন্তু আমিই খারাপ, খুব খারাপ;
শুধু তোমার বা সমাজের নয়, নিজের কাছেও |
নিজের কাছে বারবার হেরেছি;
তোমার সাথে প্রতিযোগিতার সাহস নেই আমার |

আক্ষেপ হয় একটাই; তুমি কোনদিন এ লেখাগুলো জানবে না, খুঁজবে না |
তারপরে একটু ভেবে বুঝতে পারি, আক্ষেপটা অন্য: তুমি তো বুঝবেও না |

Thursday, May 23, 2013

Kapurursh - কাপুরুষ

23rd May'13 8:53 P.M

তোমার সমস্ত মেয়েলি দিকগুলো যত্নে রেখেও
তুমি কখনো ভনিতা করতে না |
তুমি ছিলে একটু আলাদা |
না না দুরে চলে গেছো বলে বলছি, তা নয়;
মনের মধ্যে ছিল সব সময়ই |
কিন্তু মানুষ খুব কাছে থাকলে,
তার ত্রুটিগুলো বেশি করে মনে লাগে |

তোমার স্বাধীনতা চার দেওয়ালে ডানা মেলত,
তোমার পরাধীনতা নীল দিগন্তের নিচে আমার বুকে শোভা পেত;
আলাদা তো তোমাকে বলতেই হয় |
কিন্তু আমি বোধ হয় ভিন্নতারও পরিবর্তন চাই |
তাই তোমাকে রাখতে পারলাম না,
বলতেই হল "ভালো থেকো" |

Saturday, October 13, 2012

Ebar Tobe Asi - এবার তবে আসি

3rd Oct'12 - 2:30 A.M
 
মেঘের দিনে যে ক্ষণে সবুজ ছিল বাতাস,
মরুভুমির চোরাবালিতে রুদ্ধ সে নিঃশ্বাস |

যে আদরে কখনও ছিল সর্বনাশের ছোঁয়া,
কবিতা হয়ে ফুরিয়ে গেছে অশরীরী কায়া |

আলো জুড়ে, তোমার ছটা,
দিনের কোলে, স্মৃতির ছায়া;
মনের ভাঁজে, তোমার গন্ধ ভাসে |

থাক, নেই সে দরকার;
প্রয়োজন নেই আর তোমার |
শেষ এখন যে বন্ধন,
পাতার কবরে হোক ইচ্ছে-রোপন |

যে হাতে, ছন্দ সাথে, পেনের কালি পড়ত,
সেই শিরাতে, কোনো পীড়াতে, নীলে নীল ক্ষত |

দিনের আলোয়, নিজের বড় অচেনা ঠেকে,
রাতের নেশায় ফিরে আসে দংশিত বিবেকে |

অন্ধকারে দৃষ্টি রাখা;
তোমার চোখে আকাশ আঁকা;
সেই আকাশই, জলছবি হয়ে থাকে |

থাক, নেই সে দরকার;
প্রয়োজন নেই আর তোমার |
শেষ এখন যে বন্ধন,
পাতার কবরে হোক ইচ্ছে-রোপন |

অনেক তো হলো ভালোবাসাবাসি,
ছেড়ে দাও, এবার তবে আসি !

Thursday, October 04, 2012

'ভাল'বাসা

3rd Oct'12 - 1.45 A.M

তুমি বলতে, ভালবাসা, রাতের আশা,
মেঘ-পরীদের ডানা মেলে,
ভিন-জগতে সুপ্ত বাসা |

আমি একটু অন্যরকম, গরম-নরম;
মন কেমনে হারিয়ে গিয়ে,
দিবাস্বপ্নে রাত্রি-যাপন |

সে স্বপনে বাঁধন ছেড়েই বাঁধন খোঁজা;
শব্দ নিয়ে ঘরে ফিরে,
চার দেওয়ালে সুখী বাঁচা |

দু-এক চামচ রোমাঞ্চ, সৃষ্টিসুখ,
মধ্যবিত্ত দুনিয়া ছেড়ে,
অনেকগুলো অচেনা মুখ |

ভেবেছিলাম, সেই ভিড়েই, লুকিয়ে;
তোমার বাসা যত্নে আছে,
স্বপ্নগুলো সাজিয়ে |

বাসা ছিল, যত্ন ছিল, তবু;
স্বপ্নগুলো কোথায় যেন,
অস্বস্তিতে কাবু |

ভিন জগতে নরম মেঘ মেখে,
স্বপ্ন গুলো সুপ্ত বাসায়,
চোখেতে জল আঁকে |

তারপরে ভাসিয়ে দিলাম, নৌকা করে;
কোথায় যায়, হাত বাড়ায়;
রাতের তারায় ভরসা বাড়ে |

আর কান্না আসে না এ বুকে,
শেষ গ্রীষ্মে ছড়িয়ে ছিটিয়ে গেছে,
এদিকে সেদিকে |

Thursday, September 20, 2012

সবুজ যে মরীচিকা

21st Sept'12 - 2.30 A.M

একা কোন বসতিতে বিলাসিত ঘরে,
তোমাকে সে নিয়ে যায় টেনে কতদূরে !
একলার আকাশ যেন একলাই থাকে,
ফেলে আসা গন্ধর পিছুটান মাখে |
আশা আর নিরাশা ছেঁড়া পকেটে,
পড়ে গিয়ে, জমা আছে ফ্যাকাশে মলাটে |
দিন যায়, রাত আসে; ল্যাম্পপোস্ট দাঁড়িয়ে,
হলদেটে আলোতে বায়ু-জল শুকায়ে ;
তার সাথে মিশে যায় ধুলোদের গান,
স্মৃতিরা ফিরে পায় মৃত এক প্রাণ |
অধরাকে ধরা রাখে মনের কুঠুরি,
সে কথাই বলে যায় ডিজিটাল মেমরি !
তবু এই বিলাসিত দশতলা বাড়ি,
কোনোখানে ছুঁয়ে যায় সবুজের সারি...

Tuesday, May 08, 2012

অস্তিত্ব - Existence

আকাশে কৃষ্ণচূড়া দোলে,
বাতাস মাথা রাখে কোলে,
কিন্তু অন্য কোন্দলে,
বসন্তে ঝরাপাতা ওড়ে,
তখনো রাখবো তোমায় মুড়ে,
একে তো বিশ্বাস বলে, শহরে!

সঙ্গী ছিল এলোমেলো কথা,
ঢেকে দিত সব ব্যর্থতা,
মূল্যায়নে একচোখামি মিষ্টতা,
আত্মবিশ্বাসে আসা উচ্চতা !

তবু মানুষ কিন্তু ভিতু,
তাই একলা মানেই মৃত্যু,
কিছু অভিনেতা সঙ্গে নিয়ে,
নাটক একটু একটু |

মঞ্চে যবনিকা পতন,
আলোর মাঝে কালো তখন,
সহ-অভিনেতার মরণ,
হয়ে মানুষ আবার খোঁজে,
কোনো অন্য মঞ্চে সেজে,
স্বপ্ন শুধু স্বপ্ন খোঁজে !

To be continued...

Saturday, April 28, 2012

জীবন নাকি অঙ্ক!! - Life as Mathematics!!

একটা অঙ্ক করতে করতে হঠাৎ একটা হোঁচট,
সঙ্গে সঙ্গে বইয়ের পাতা হাতরাই,
একটা ফর্মুলা খুঁজে পাই,
ব্যাস কেল্লাফতে !
আমি নাকি অঙ্ক শিখে ফেললাম...

লোকে বলে, অঙ্কটা নাকি বুদ্ধিমানদের জমিদারি,
তাহলে আমি বেশ Intellectual,
যেখানে সবার অবস্থা বেহাল,
সেখানে দেখছি আমার চোখ-রাঙানি !
আমি এখন বুদ্ধিজীবি হওয়া শিখলাম...

ছোটবেলা দিদা বলতো জীবন নাকি অঙ্ক,
আমি তো রাজা সে সমাধানে,
এবার কে আটকাবে আমায় কে জানে,
জীবনে না চাই কারো সঙ্গ,
জীবনমুখীর সংজ্ঞা কোথায় জানতে চাইলাম !

শৌখিনতায় লনে চমক দেবে মার্সিডিজ,
ঠান্ডা বাতাস প্রত্যেক ঘরে ঘরে,
প্রেমের উত্তাপে থাকবে মন ভরে,
খাবার টেবিলে রংবাহারী সসেজ,
বিলাসকেই তো জীবন বলে জানলাম...

সময় যখন ভীসনভাবে একপেশে,
লুটে নিই সুযোগের ফায়দা,
Popularity-র একটুখানি কায়দা,
নিরপেক্ষতা বড্ড সর্বনেশে,
Class-Struggle-এ "জিতবো" বলেই লড়লাম...

আকাশে হঠাৎ অন্য মেঘের রেখা,
আসতে পারে অন্যরকম ঢেউ,
অঙ্ক বলে পাশে থাকবে না কেউ,
ঋণাত্বক ছোটবেলাতেই শেখা,
পাল্টে গিয়ে অন্য পথে চললাম...

হঠাৎ আবার সিঁদুরে মেঘ ঝরে,
ফর্মুলার নেই কান্ডজ্ঞান,
জীবন সেখানে বড় বেমানান,
জীবনে যে নাটক করে,
তাকেই আমি Actor নাম দিলাম...

অঙ্ক চলে আপন মনে নিজের ধাঁধায়,
জটিলতারও সরলীকরণ হয়,
জীবন ঠিক উল্টো খোঁজ পায়,
সহজকে বাঁধে জটিল কোনো বাঁধায়,
জীবনে জুড়ে নতুন অঙ্ক করলাম...

বন্ধু - Friend

ঘরের বাইরে অন্ধকার রেলিংটা,
একটা নাম-না-জানা-পাখি,
অসময়ে মন-বেবাগী,
অজান্তেই ভিড়লো খেয়ালটা !

যদি মুছে যায় দুরন্ত সময়,
থমকায় আজকের কাঁটা,
থাকে সবুজে আঁকা পাতা,
মনে পড়বে কি তোমার ?

বন্ধু, অপেক্ষাকে তোমার জন্য ভরসা দিলাম...
বন্ধু, ভরসাটাকে নীল আকাশে মিলিয়ে দিলাম...
বন্ধু, খেয়াল রেখো, আকাশ আছে তোমার কাছেও...
বলবে কথা আমার হয়ে একটু হলেও...

হাতে রঙিন বিলাস ধরা পড়ুক,
তবু চোখে ঘনায় কালোছায়া,
সবই ধুসর মনে মায়া,
স্মৃতিরা পিছুটানে বেঁচে থাকুক..

কিছু বাঁধভাঙ্গা উদ্দীপনা,
তারই মাঝে কিছু হারানো কবি,
আর ফেলে আসা ছায়াছবি,
মনে পড়বে কি তোমার ?

বন্ধু, অপেক্ষাকে তোমার জন্য ভরসা দিলাম...
বন্ধু, ভরসাটাকে নীল আকাশে মিলিয়ে দিলাম...
বন্ধু, খেয়াল রেখো, আকাশ আছে তোমার কাছেও...
বলবে কথা আমার হয়ে একটু হলেও...

বন্ধু কাছে এস,
থেকে দূরের দেশেও,
ঠিক আগের মতই,
তুমি ভালোবেসো !

বন্ধু দেখো ফিরে,
থাকো যতই দূরে,
বুকে সুরটা নিয়ে,
জানি ফিরবে ছেড়ে !

ওই দেখো পুবের দিকে চেয়ে,
কি অমলিন সুবাতাস,
ও যে তোমারই পূর্বাভাস,
জানি আসবে তুমি সব সয়ে !

এই গানটা তোমায় কখনও,
দেবে আমাদের সন্ধান,
বন্ধুত্বের কলতান,
মনে পড়বে কি তোমার ?

বন্ধু কাছে এস,
থেকে দূরের দেশেও,
ঠিক আগের মতই,
তুমি ভালোবেসো !

বন্ধু দেখো ফিরে,
থাকো যতই দূরে,
বুকে সুরটা নিয়ে,
জানি ফিরবে ছেড়ে !

বন্ধু, অপেক্ষাকে তোমার জন্য ভরসা দিলাম...
বন্ধু, ভরসাটাকে নীল আকাশে মিলিয়ে দিলাম...
বন্ধু, খেয়াল রেখো, আকাশ আছে তোমার কাছেও...
বলবে কথা আমার হয়ে একটু হলেও...

Thursday, April 26, 2012

সকালবেলার গান - Song of morning


আমার সকাল উঠলে, পাশবালিশে
রোদের স্রোত...
তোমায় নিয়েই ভাবছি, আবার হব নিখোঁজ |

আমার সকাল উঠলে, পাশবালিশে
রোদের স্রোত...
তোমায় নিয়েই ভাবছি আবার, আমি হব নিখোঁজ |

জীবনের যত, জটিল-কুটিল
মিথ্যেগুলো,
বেডকভারের মসৃণতা পালিয়ে গেল |

মিথ্যেটাকেই শান দিতে,
চমকে ওঠা,
ঘড়ির মুখে মুখাগ্নিতেই শেষ, ভোরটা |

এবার তোমায় ছাড়তে হবে রাজতোরণ,
মিঠে লাগুক রেডিওর কোনো উপস্থাপন,
ভাবনা গুলো যতই করুক অন্তঃক্ষরণ,
প্রলেপ লাগাও, মোমবাতি দিয়ে আস্তরণ !!

দিনমানের সুরটা বাঁধে,
সুর্য লাল,
হলদে হয়ে কাটছে যে তার মায়ার জাল |

পাখির ডাকে মিশেল হত,
মৃদু কল্প,
সেই হাসিটা কনক্রিটে আজ অল্প অল্প !!

কৃষ্ণচুড়ার রাঙা ফুল গুলো ঝড়বে এখন,
দোলার মত সময় নেই, মাতিয়ে মন |
রোমাঞ্চকর কোষগুলোর শেষ অভিযান,
D-Major-এ লিখে ফেললাম সকালবেলার গান |

Tuesday, April 24, 2012

তুমি বিপ্লব-ও হতে পারো - You might be revolution

জীবনের কত এদিক-ওদিক, নুন-আনতে-পান্তা,
কেটে যায় ঠিক দেখতে দেখতে ২৪টা ঘন্টা !

সেলফোনটার আলসেমিতে গীটারের ব্যস্ততা..
জানলাটা এসে একলা বলে হারানো মুখরতা...

চেষ্টা করেছি লিখতে অন্য গান,
পারছিনা তবু বাঁধতে সেই তান...
মনের মাঝে ঢেউ তুলে আসে বান,
ঢেউ-এর জলেও খুঁজছি তোমার নাম..

একলা আমি একলা হচ্ছি, সুমনের গান সাথে,
জীবনমুখী সত্বা নিয়েও, প্রেমিকার হাতে হাতে...

সময়টা বড় বেয়াড়া, সে যে মানছে না কোন রাশ,
মগজে ঘোরে বিস্ফোরণটা, অন্য ক্যালকুলাস !

হচ্ছেনা কিছু, হচ্ছেনা বিষপান..
হচ্ছেনা সেই "অন্য" একটা গান...
সুখ, বড্ড সুখের তিক্তস্নান,
অল্প সুখেই ফুলশয্যায় স্থান !!!

রাজনীতিটা ভালই বুঝি, সবুজ কিংবা লাল,
তবুও গানে তোমায় খুঁজি, দখিন হাওয়ায় পাল...

অকর্মন্য রোগে রুগী, মনখারাপি মন,
সুস্থ হলে "অন্য" গল্প, দিলাম মুক্তিপণ !!

হচ্ছেনা কিছু, হচ্ছেনা বিষপান..
সত্যি-ই, হচ্ছেনা সেই "অন্য" একটা গান...
সুখ, বড্ড সুখের তিক্তস্নান,
একটু সুখেই অনেক সুখের স্থান !!!

চেষ্টা করেছি লিখতে অন্য গান,
পারছিনা তবু বাঁধতে সেই তান...
মনের মাঝে ঢেউ তুলে আসে বান,
ঢেউ-এর জলেও খুঁজছি তোমার নাম..