Saturday, September 06, 2014

ওরা এভাবেও কাজ করে

6th Sept'14 10:46 p.m, Edmonton, Canada
 

"ওরা কাজ করে নগরে প্রান্তরে" |
ওরা নিশ্চিন্তে ঘুরে বেড়ায়,
শহরের এপ্রান্ত থেকে ওপ্রান্তে |
ওদের ভাবতে হয় না
মাঝরাতে পেট্রলের দাম বাড়লে
অয়েল-পাম্পে লম্বা লাইনের কথা |
ওরা সকাল-বিকেল যখন খুশি জগিং করে
ঝকঝকে রাস্তা ঘাটে;
ওদের এখানে রাস্তার ধারে পড়ে থাকা
নোংরা বাচ্চাটা খিদের চোটে চিৎকার করে না |
তার বদলে এক রোগা বুড়ো গীটার বাজিয়ে চলে,
হয়ত কোন সাহায্যের প্রত্যাশা না করেই |
ওরা দুপুরে সসেজ বা স্যান্ডুইজ খায়,
বা কেউ কেউ খায় না,
নিজের ইচ্ছতেই |
ওদের ইচ্ছের ওজনের ভারে
ওদের সংযম ওদের বিলাসিতার রূপ নেয় |
একই আকাশের নিচে সেই সংযমই
কারো কারো কাছে বাঁচার একমাত্র পথ |
ওদের এখানে দিন শেষ হয় অনেক পরে,
শেষ হয়েও হয় না শেষ দিনেরবেলার আলোরা |
ওদের জীবনে নেই অন্ধকার,
নেই সেখান থেকে বেড়িয়ে আসার আর্তি |
ওরা ভাবে না জীবনের কথা,
ওরা ভাবে না বিপ্লবের কথা |
ওরা মেনে নিয়েছে ওদের যা প্রাপ্য,
ওরা ভাবতে চায় না বাকি পৃথিবীর কথা |
ওদের কাছে আমরা অ্যাডভেঞ্চার,
আমাদের অগ্রগতি ওদের উন্নয়নের চুইয়ে পড়া উচ্ছিষ্ট |
তবু ওরা কাজ করে চলে,
মুখ বুজে, নিরন্তর করে চলে কাজ,
চিরকাল করে চলে কাজ,
অফিস-কেবিনে, উড়ন্ত সব স্কাইস্ক্র্যাপারের ভেতরে
ওরা কাজ করে |

Sunday, July 27, 2014

সাফল্য - The Success

28th July'14 10:14 P.M

শিখর চূড়া, তুষার আভরিত - অপরূপ সৌন্দর্য্য |
মানবজাতির অন্যতম পরিচিত ইচ্ছেগুলোর একটা,
ওই শিখরে পদার্পণ |
বেশিরভাগই পারেনা |
বুদ্ধি কত লাগে বলতে পারিনা,
তবে বাকি বেশ কিছু বৈশিষ্ট্য যে লাগেই,
হলফ করে বলা যায় |
যারা সামান্য পারে, বা পারেনা,
তারা ভাবে,
বুঝি কি তৃপ্তিই না রাখা আছে,
ওই সাফল্যময় পদার্পনে |
যেটুকু বলা হয়না,
ওই তুষারশিখরটা খুব নির্জন,
ওতে পৌঁছোনোর পথটাও বেশ ফাঁকা |
মানুষ কিন্তু সুস্থ সমাজবদ্ধজীব !

Monday, June 24, 2013

ভবিষ্যত - The Future

25th June 1:25 A.M

উপলব্ধি করলাম,
পাল্টে যাচ্ছে, বদলে যাচ্ছে |
সময়রা সব ফন্দি আঁটছে আমার বিরুদ্ধে |
আমি নিরুপায়;
উপায় গুলো সময় চুরি করে নিয়েছে;
আর আমি হয়ে গেছি বোকা এক দর্শক |
Stereotype হয়ে গেছি;
এবার তোমার জুতোর তলার কাঁকড় হবো;
সেটারও আঁচ পাচ্ছি |
সুতরাং, আরও একবার ছাড়াছাড়ি তোমার সাথে;
এবার হরফের দুনিয়ায় |
তবু আট নম্বর লাইনে কোথায় যেনো খারাপ লাগলো |
কিন্তু, "তবু" ছেড়ে এগিয়ে তো যেতেই হবে,
আমায় |

Monday, June 03, 2013

ভাবছো - Vabcho

3rd June'13 11:05 P.M

আর এক ঘন্টা বাদে তোমার প্রাপ্তবয়স্ক-প্রাপ্তি,
রঙ্গিন কত স্বপ্ন ছিল এই সব দিনের |
আমার "কাপুরুষ" খেয়াল খুশিতে আজ তারা সাদা কালো |

বেশি কিছু বলার নেই,
তাতে মিষ্টত্ব হারাবে এই দিনটা |
কিন্তু সেটা হতে পারে না,
কারণ এই দিনটা শুধুই
মৌমাছিদের, রঙ্গিন প্রজাপতিদের,
আর আমার দেখা সেরা সৌন্দর্য্যের |

ভাবছো হয়তো ভুলে গেছি;
সেই ভালো |

Thursday, May 30, 2013

Holud Ronger Deoal - হলুদ রঙের দেওয়াল

31st May'13  12:47 A.M

আমার নিজের পুপে ছিল |
যার মধ্যে আমি মিশে যেতাম,
যার পেলব হাতের ছোঁওয়া, চুল থেকে হঠাৎ-ই কপালে চলে আসতো
আর আমার চারিদিক অন্ধকার করে দিত |

কিছুক্ষণ বাদেই নতুন আলোয় আমি সরলরেখা আঁকতাম,
সূর্যাস্তের কপাল বেয়ে চিবুকে এসে যখন সে রেখা থামত,
সে আর সরল নেই, বেঁকে চুরে গেছে |
তাও বেশ সরল সোজা মলিন এবং আরো হাজারো সরলরৈখিক বিশেষণে মাখানো লাগত;
তোমায় এবং তোমার রেখাগুলোকে |

কবিতাটা কোনদিন তো "কবিতা"র মতো করে লিখতে পারলাম না |
শুধু নিজেকে উজাড় করেছি; যেমন করতাম তোমার কাছেও |

কিন্তু আমিই খারাপ, খুব খারাপ;
শুধু তোমার বা সমাজের নয়, নিজের কাছেও |
নিজের কাছে বারবার হেরেছি;
তোমার সাথে প্রতিযোগিতার সাহস নেই আমার |

আক্ষেপ হয় একটাই; তুমি কোনদিন এ লেখাগুলো জানবে না, খুঁজবে না |
তারপরে একটু ভেবে বুঝতে পারি, আক্ষেপটা অন্য: তুমি তো বুঝবেও না |

Thursday, May 23, 2013

Kapurursh - কাপুরুষ

23rd May'13 8:53 P.M

তোমার সমস্ত মেয়েলি দিকগুলো যত্নে রেখেও
তুমি কখনো ভনিতা করতে না |
তুমি ছিলে একটু আলাদা |
না না দুরে চলে গেছো বলে বলছি, তা নয়;
মনের মধ্যে ছিল সব সময়ই |
কিন্তু মানুষ খুব কাছে থাকলে,
তার ত্রুটিগুলো বেশি করে মনে লাগে |

তোমার স্বাধীনতা চার দেওয়ালে ডানা মেলত,
তোমার পরাধীনতা নীল দিগন্তের নিচে আমার বুকে শোভা পেত;
আলাদা তো তোমাকে বলতেই হয় |
কিন্তু আমি বোধ হয় ভিন্নতারও পরিবর্তন চাই |
তাই তোমাকে রাখতে পারলাম না,
বলতেই হল "ভালো থেকো" |

Saturday, October 13, 2012

Ebar Tobe Asi - এবার তবে আসি

3rd Oct'12 - 2:30 A.M
 
মেঘের দিনে যে ক্ষণে সবুজ ছিল বাতাস,
মরুভুমির চোরাবালিতে রুদ্ধ সে নিঃশ্বাস |

যে আদরে কখনও ছিল সর্বনাশের ছোঁয়া,
কবিতা হয়ে ফুরিয়ে গেছে অশরীরী কায়া |

আলো জুড়ে, তোমার ছটা,
দিনের কোলে, স্মৃতির ছায়া;
মনের ভাঁজে, তোমার গন্ধ ভাসে |

থাক, নেই সে দরকার;
প্রয়োজন নেই আর তোমার |
শেষ এখন যে বন্ধন,
পাতার কবরে হোক ইচ্ছে-রোপন |

যে হাতে, ছন্দ সাথে, পেনের কালি পড়ত,
সেই শিরাতে, কোনো পীড়াতে, নীলে নীল ক্ষত |

দিনের আলোয়, নিজের বড় অচেনা ঠেকে,
রাতের নেশায় ফিরে আসে দংশিত বিবেকে |

অন্ধকারে দৃষ্টি রাখা;
তোমার চোখে আকাশ আঁকা;
সেই আকাশই, জলছবি হয়ে থাকে |

থাক, নেই সে দরকার;
প্রয়োজন নেই আর তোমার |
শেষ এখন যে বন্ধন,
পাতার কবরে হোক ইচ্ছে-রোপন |

অনেক তো হলো ভালোবাসাবাসি,
ছেড়ে দাও, এবার তবে আসি !

Thursday, October 04, 2012

'ভাল'বাসা

3rd Oct'12 - 1.45 A.M

তুমি বলতে, ভালবাসা, রাতের আশা,
মেঘ-পরীদের ডানা মেলে,
ভিন-জগতে সুপ্ত বাসা |

আমি একটু অন্যরকম, গরম-নরম;
মন কেমনে হারিয়ে গিয়ে,
দিবাস্বপ্নে রাত্রি-যাপন |

সে স্বপনে বাঁধন ছেড়েই বাঁধন খোঁজা;
শব্দ নিয়ে ঘরে ফিরে,
চার দেওয়ালে সুখী বাঁচা |

দু-এক চামচ রোমাঞ্চ, সৃষ্টিসুখ,
মধ্যবিত্ত দুনিয়া ছেড়ে,
অনেকগুলো অচেনা মুখ |

ভেবেছিলাম, সেই ভিড়েই, লুকিয়ে;
তোমার বাসা যত্নে আছে,
স্বপ্নগুলো সাজিয়ে |

বাসা ছিল, যত্ন ছিল, তবু;
স্বপ্নগুলো কোথায় যেন,
অস্বস্তিতে কাবু |

ভিন জগতে নরম মেঘ মেখে,
স্বপ্ন গুলো সুপ্ত বাসায়,
চোখেতে জল আঁকে |

তারপরে ভাসিয়ে দিলাম, নৌকা করে;
কোথায় যায়, হাত বাড়ায়;
রাতের তারায় ভরসা বাড়ে |

আর কান্না আসে না এ বুকে,
শেষ গ্রীষ্মে ছড়িয়ে ছিটিয়ে গেছে,
এদিকে সেদিকে |

Thursday, September 20, 2012

সবুজ যে মরীচিকা

21st Sept'12 - 2.30 A.M

একা কোন বসতিতে বিলাসিত ঘরে,
তোমাকে সে নিয়ে যায় টেনে কতদূরে !
একলার আকাশ যেন একলাই থাকে,
ফেলে আসা গন্ধর পিছুটান মাখে |
আশা আর নিরাশা ছেঁড়া পকেটে,
পড়ে গিয়ে, জমা আছে ফ্যাকাশে মলাটে |
দিন যায়, রাত আসে; ল্যাম্পপোস্ট দাঁড়িয়ে,
হলদেটে আলোতে বায়ু-জল শুকায়ে ;
তার সাথে মিশে যায় ধুলোদের গান,
স্মৃতিরা ফিরে পায় মৃত এক প্রাণ |
অধরাকে ধরা রাখে মনের কুঠুরি,
সে কথাই বলে যায় ডিজিটাল মেমরি !
তবু এই বিলাসিত দশতলা বাড়ি,
কোনোখানে ছুঁয়ে যায় সবুজের সারি...

Tuesday, May 08, 2012

অস্তিত্ব - Existence

আকাশে কৃষ্ণচূড়া দোলে,
বাতাস মাথা রাখে কোলে,
কিন্তু অন্য কোন্দলে,
বসন্তে ঝরাপাতা ওড়ে,
তখনো রাখবো তোমায় মুড়ে,
একে তো বিশ্বাস বলে, শহরে!

সঙ্গী ছিল এলোমেলো কথা,
ঢেকে দিত সব ব্যর্থতা,
মূল্যায়নে একচোখামি মিষ্টতা,
আত্মবিশ্বাসে আসা উচ্চতা !

তবু মানুষ কিন্তু ভিতু,
তাই একলা মানেই মৃত্যু,
কিছু অভিনেতা সঙ্গে নিয়ে,
নাটক একটু একটু |

মঞ্চে যবনিকা পতন,
আলোর মাঝে কালো তখন,
সহ-অভিনেতার মরণ,
হয়ে মানুষ আবার খোঁজে,
কোনো অন্য মঞ্চে সেজে,
স্বপ্ন শুধু স্বপ্ন খোঁজে !

To be continued...